কক্সবাজারের টেকনাফে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন-ফাইজা আক্তার (১৯) ও তার সহযোগী আইয়ুব আলী (৩৭)।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর নিশ্চিত হওয়া যায় যে সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়ার মো. জুবাইরের বাড়িটি ছিল মাদক মজুত ও সরবরাহের কেন্দ্র। এর ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিজিবির একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা, সাতটি চাপাতি ও চারটি চাকুসহ মোট ১১টি দেশীয় অস্ত্র, দুটি ওয়াকিটকি সেট ও চারটি সার্ভেল্যান্স সিসি ক্যামেরা উদ্ধার করা। এছাড়া ইয়াবা প্যাকেজিংয়ের মেশিন ও বিশেষভাবে তৈরি মোটরসাইকেলের দুটি তেলের ট্যাংক (মাদক পরিবহনে ব্যবহৃত) উদ্ধার করা হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা আইয়ুব আলী ঘরের দেওয়াল টপকে পালাতে গিয়ে ধরা পড়েন। তার তথ্যের ভিত্তিতে বাড়ির ভেতরে আত্মগোপনে থাকা জুবাইরের স্ত্রী ফাইজা আক্তারকেও আটক করা হয়।
তিনি জানান, অভিযুক্ত জুবাইর চট্টগ্রামের কর্ণফুলী থানায় মাদক মামলার আসামি। তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বিজিবি তৎপর রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।