কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকালে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযান চলাকালীন সময়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামি টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছোট হাবিব পাড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৩২)।
গ্রেপ্তারকৃত আসামি মো. আব্দুল্লাহ সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) এর আকবর শাহ থানার মামলা নং- ৩৭(০৮)২০১৭, জিআর মামলা নং- ৩১৩/২০১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) এর এজাহারনামীয় আসামি। বিজ্ঞ আদালত এ মামলায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
এ ব্যাপারে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
