গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা ও বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স আল আমিন। গতকাল বৃহস্পতিবার দল থেকে তার মনোনয়ন ঘোষণা করা হয়।
প্রিন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত। তিনি দীর্ঘদিন ধরে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব সমাজ গঠনে কাজ করে আসছেন। এর আগে চীনের ইয়ানচ্যাং বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার এই তরুণ রাজনীতিক ছোটবেলা থেকেই এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা, শিক্ষার সুযোগ ও সামাজিক বৈষম্য প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে তার মানবিক নেতৃত্ব ও রাজনৈতিক চেতনা।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ছাত্রপক্ষের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি রাজনীতিকে ক্ষমতার নয়, দায়িত্বের জায়গা থেকে দেখেন। তার রাজনৈতিক দর্শন হলো, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, গোপালগঞ্জ-১ আমার শিকড়, আমার রাজনৈতিক জীবনের সূতিকাগার। আমি বিশ্বাস করি, সততা, শিক্ষা ও তরুণ নেতৃত্বের মাধ্যমে এ অঞ্চলকে একটি স্বচ্ছ ও উন্নয়নমুখী রাজনীতির মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, রাজনীতি যদি সৎ, সাহসী ও চিন্তাশীল তরুণদের হাতে না আসে, তাহলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এবি পার্টির এই মনোনয়ন শুধু আমার নয়, এটি নতুন প্রজন্মের রাজনীতির প্রতি বিশ্বাসের প্রতিফলন।
গোপালগঞ্জ ১ আসনে নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষার উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তরুণদের কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।