গ্রিনের ইনজুরিতে ভারত সিরিজের দলে ৫ ইনিংসে ৪ সেঞ্চুরি করা লাবুশেন

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আসন্ন ভারত সিরিজ থেকে ছিটকে গেছেন চোটের কারণে। রবিবার পার্থে শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডের আগেই তিনি অনুশীলনের সময় পাশে ব্যথা অনুভব করেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ড ব্যাটার মারনাস লাবুশেন, যিনি বৃহস্পতিবার শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন। শেফিল্ড শিল্ডে সবশেষ ৫ ইনিংসের চারটিতেই তিন অঙ্কের দেখা পেয়েছেন কুইন্সল্যান্ড অধিনায়ক। ম্যাচ শেষে তিনি পার্থে দলের সঙ্গে যোগ দেবেন।

২৬ বছর বয়সী গ্রিন গত বছর পিঠে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে বোলিংয়ে ফিরছিলেন। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বোলিং লোড বাড়াচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার পার্থ স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে না দেখা যাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে তিনি `লো-গ্রেড সাইড সোয়ারনেস’ এর কারণে পুরো ওয়ানডে সিরিজ মিস করবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘গ্রিন স্বল্প সময়ের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ড থেকে খেলায় ফিরবেন বলে আশা করা হচ্ছে, যা অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবেই থাকবে।’

রবিবারের প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তার সতীর্থ ট্র্যাভিস হেড বলেন, ‘আমার মনে হয় সে ভালোই আছে, ও ভালো হাতে আছে। অবশ্যই এটা হতাশাজনক যে সে পরবর্তী তিন ম্যাচে আমাদের সঙ্গে নেই, তবে এটা খুব গুরুতর কিছু নয়, বরং সতর্কতামূলক ব্যবস্থা—আগামী কয়েক সপ্তাহের কথা মাথায় রেখেই।’ এর আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক ও তারকা পেসার প্যাট কামিন্সও জানিয়েছিলেন যে পিঠের চোট থেকে সেরে ওঠার কারণে পার্থে প্রথম অ্যাশেজ টেস্টে তার খেলা ‘সম্ভবত অনিশ্চিত’। ফলে বোলিং বিভাগে নতুন করে সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া।