খুলনায় ঘরে ঢুকে যুবকের কপালে গুলি

খুলনায় ঘরে ঢুকে সোহেল (২৮) নামে এক যুবকের কপালে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর দুই নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সোহেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের স্বপন শিকদার ছেলে। 

স্থানীয় লোকজন জানায়, দুপুর সোয়া ২টার দিকে দুই নম্বর কাস্টমস ঘাট এলাকার মনিরুল ইসলামের ভাড়াটিয়া সোহেল স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে আসা ৬ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে সোহেলের কপালে গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগে গত ৩ আগস্ট ওই এলাকায় দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনো তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন। 

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, সোহেলের কপালে চোখের উপরে গুলি লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশে তাকে গুলি করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলাসহ তিন মামলা রয়েছে। সে জামিনে ছিল। যারা তাকে গুলি করেছে তাদের পরিচয় শনাক্তসহ গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।