বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফার প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও তার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ৭জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের চরপলিশা তালতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সবুজ আকন্দ (৪০), সাগর (২২), নূর হক (৪৫) ও লাভলু মিয়া (৪৬) সহ ৭ জন আহত হয়েছে।
গুরুতর আহত চারজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহতকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার প্রচারণা শেষে শুভ ও তার কর্মী সমর্থকরা বাড়ি ফেরার পথে চরপলিশা তালতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে শুভসহ অন্তত সাতজন আহত হন।
মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে আমরা মানুষের দারে দারে যাচ্ছি। ওই কর্মসূচির অংশ হিসেবে চরবানী পাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা শেষ করে বাড়ি ফেরার পথে চরপলিশা তালতলা এলাকায় আসলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে সাতজন হাসপাতালে ভর্তি রয়েছে। একটি মোটরসাইকেলও খুঁজে পাওয়া যাচ্ছে না।'
মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, 'ঘটনাটির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'