জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি ভবন অফিসের কার্যক্রম শুরু হওয়ার আগেই ধসে পড়েছে। নির্মাণের মাত্র দুই বছরের মাথায় কোনো ব্যবহার ছাড়াই ভবনটি ধসে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা খাদ্যগুদাম সংলগ্ন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য নবনির্মিত ভবনটিতে এই ধসের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির উত্তর পাশের একটি কক্ষসহ একাংশ ধসে পড়েছে। দেয়াল ও কাঠামোর বড় একটি অংশ ভেঙে নিচে পড়ে রয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে পুরো ভবনটি ধসে পড়তে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সরকারি অর্থায়নে সরিষাবাড়ী উপজেলা খাদ্যগুদাম চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য এই ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত সেখানে কোনো দাপ্তরিক কার্যক্রম শুরু হয়নি। ফলে দীর্ঘদিন ধরে ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।
স্থানীয়দের অভিযোগ, চরম নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবেই এত অল্প সময়ের মধ্যে ভবনটির এই দশা হয়েছে। তাদের দাবি, নির্মাণের পর ভবনটির রক্ষণাবেক্ষণ ও নিয়মিত দেখভালেরও অভাব ছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি অর্থের অপচয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রুবিনা খাতুন জানান, তিনি সম্প্রতি এখানে যোগদান করেছেন। তাই ভবন নির্মাণ-সংক্রান্ত বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। উপজেলা খাদ্য কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।