অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলেছে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ। দুটিই ছিল হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশ নিজেদের মাঠে হারলেও এক পয়েন্ট নিয়ে ফিরেছে হংকং থেকে। ফিফার গতকাল প্রকাশিত র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারও এক ধাপ উন্নতি হয়েছে। আর প্রীতি ম্যাচে জাপানের কাছে হারের প্রভাব পড়েছে ব্রাজিলের র্যাংকিংয়ে। একধাপ নিচে নেমে গেছে সেলেসাওরা।
সেপ্টেম্বর উইন্ডোর পর ফিফা গত ১৮ সেপ্টেম্বর র্যাংকিং প্রকাশ করেছিল। এতে ১৮৪তম অবস্থানে অপরিবর্তিত ছিল বাংলাদেশ। গতকাল প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে বাংলাদেশের আগের চেয়ে পয়েন্ট কমে। তবে সেপ্টেম্বরে ১৮৩-তে থাকা ব্রুনাই আরও খারাপ খেলায় এক ধাপ ওপরে উঠে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩-তে। ২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র্যাংকিং বাড়বে।
এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা এক ধাপ উন্নতি করে দুইয়ে এবং ও ফ্রান্স অবনমিত হয়ে গেছে তৃতীয় স্থানে। ব্রাজিল সাতে নেমে গেছে, ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস। ইতালি একধাপ উন্নতি করে নবম স্থানে। দুই ধাপ উন্নতি করে শীর্ষ দশে ফিরেছে জার্মানি (১০ নম্বর)। শীর্ষ দশের বাকিরা হলো ইংল্যান্ড (৪), পর্তুগাল (৫) ও বেলজিয়াম (৮)। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬তম অবস্থানে আছে। হংকং, চীন দুই ধাপ অবনতি হয়ে ১৪৬তম।