পাকিস্তান ক্রিকেটে রদবদল সবসময় চলতেই থাকে। সেই ধারাবাহিকতায় আবারও নেতৃত্ব পরিবর্তনের আভাস। দেশটির বর্তমান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভবিষ্যতের কথা ভেবেই নাকি পিসিবি নতুন নেতৃত্বের পথে হাঁটছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
‘বিবিএন স্পোর্টস’-এর প্রতিবেদনে জানা গেছে, রিজওয়ানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। মজার ব্যাপার হলো, ২০২৩ সালে শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল। কোনো কারণ ছাড়াই মাত্র এক সিরিজ পরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়! যদিও পিএসএলে অধিনায়ক হিসেবে তিনি লাহোর কালান্দার্সকে ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে তিনবার শিরোপা জিতিয়েছেন।
বাবর আজমের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন রিজওয়ান। তার নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। ভারতের বিপক্ষেও যাচ্ছেতাইভাবে পরাজিত হয়েছিল। তার নেতৃত্বে দল ধারাবাহিকতা হারানোয় পিসিবি নতুন নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চাইছে। তবে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অধিনায়কত্ব হারালেও রিজওয়ান দলের গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবেই থাকবেন।