চীনের শীর্ষ নয়জন জেনারেল বরখাস্ত, সামরিক শুদ্ধিকরণের বড় অভিযান

চীনের কমিউনিস্ট পার্টি সম্প্রতি দেশটির নয়জন শীর্ষ জেনারেলকে পদচ্যুত করেছে। একই সঙ্গে তারা সামরিক বাহিনীর দায়িত্ব থেকেও সরানো হয়েছে। 

সামরিক বিশ্লেষকরা এটিকে কয়েক দশকের মধ্যে দেশের সামরিক বাহিনীতে অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই জেনারেলরা মারাত্মক আর্থিক অপরাধের সন্দেহভাজন ছিলেন। 

তাদের মধ্যে বেশিরভাগ তিন তারকা জেনারেল এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এই পদক্ষেপকে দুর্নীতি বিরোধী অভিযান হিসেবে দেখানো হলেও বিশ্লেষকরা মনে করছেন, এটি রাজনৈতিক শুদ্ধিকরণের অংশও হতে পারে।

ঘটনাটি দলটির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগে ঘটে, যেখানে দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা এবং নতুন সদস্য নির্বাচনের বিষয়টি আলোচিত হবে।

বরখাস্ত হওয়া নয়জনের মধ্যে রয়েছেন: হি ওয়েইডং – সিএমসির ভাইস চেয়ারম্যান, মিয়াও হুয়া – সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক, হে হংজুন – সিএমসির এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর, ওয়াং জিউবিন – জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর, লিন জিয়াংইয়াং – ইস্টার্ন থিয়েটার কমান্ডার, কিন শুতং – সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার, ইয়ুআন হুয়াজি – নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার, ওয়াং হৌবিন – রকেট ফোর্সেস কমান্ডার, ওয়াং চুনিং – আর্মড পুলিশ ফোর্স কমান্ডার।

হি ওয়েইডং চীনের সামরিক বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে সিএমসির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। মার্চ মাস থেকে জনসম্মুখে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে শীর্ষ নেতৃত্ব শুদ্ধিকরণের অংশ হিসেবে তদন্ত চলছে বলে জল্পনা বৃদ্ধি পেয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নয় ব্যক্তি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দায়িত্ব সংশ্লিষ্ট গুরুতর অপরাধের দায়ে সন্দেহভাজন। তারা এখন সামরিক বিচারের মুখোমুখি হবেন। মন্ত্রণালয় আশা করছে, এ পদক্ষেপ দলের দুর্নীতি বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হবে।

সিএমসি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিল, জুলাই মাসে তারা সামরিক বাহিনীতে দূষিত প্রভাব দূর করতে এবং ক্যাডারদের জন্য মেনে চলার নির্দেশিকা প্রকাশ করেছিল।