গত কিছুদিন ধরেই আফগানিস্তা ও পাকিস্তানের মাঝে সামরিক উত্তেজনা চলছে। গতকাল পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে আফগানিস্তান ক্রিকেট অঙ্গন। দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবীসহ শীর্ষ খেলোয়াড়রা একে ‘অমানবিক ও বর্বরোচিত’ ঘটনা বলে আখ্যা দিয়েছেন।
শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই বিমান হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ছিলেন তিন ক্রিকেটার — কবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা উরগুন শহরের বাসিন্দা। স্থানীয় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তারা বিমান হামলার শিকার হন। এই ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, তারা আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে খেলবে না।
আফগান দলের অধিনায়ক রশিদ খান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় নারী, শিশু ও তরুণ ক্রিকেটারসহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়। বেসামরিক স্থাপনায় এমন হামলা সম্পূর্ণ অমানবিক ও বর্বরোচিত। এই নৃশংস ঘটনার প্রতিবাদে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তকে আমি সম্পূর্ণ সমর্থন করছি। জাতীয় মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না।’
অভিজ্ঞ অল-রাউন্ডার মোহাম্মদ নবিও হামলার নিন্দা জানিয়ে লিখেছেন, ‘পাকতিকা প্রদেশে তরুণ ক্রিকেটারদের হত্যাকাণ্ড শুধু একটি অঞ্চলের ক্ষতি নয়, এটি পুরো আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য গভীর শোকের বিষয়।’
অলরাউন্ডার গুলবাদিন নাইব ও পেসার ফজলহক ফারুকিও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ফারুকি লিখেছেন, ‘নিরীহ মানুষ ও আমাদের ঘরোয়া ক্রিকেটারদের হত্যাকাণ্ড এক জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ শহীদদের জান্নাত দান করুন এবং অপরাধীদের কঠোর শাস্তি দিন।’
নাইব লিখেছেন, ‘পাকতিকায় এই কাপুরুষোচিত হামলা আমাদের গর্ব ও স্বাধীনতার ওপর আঘাত। কিন্তু এই বর্বরতা আফগান জাতির মনোবল ভাঙতে পারবে না।’
এ ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বিকল্প পরিকল্পনা খুঁজছে। সম্ভবত তারা আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করতে পারে।