ইয়ামাল কেন ভক্তদের অটোগ্রাফ দেওয়া বন্ধ করলেন?

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

ভক্তদের অটোগ্রাফ দেওয়া বন্ধ করেছেন বিশ্ব ফুটবলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রতিভা হিসেবে বিবেচিত লামিনে ইয়ামাল। জানা গেছে, তিনি এখন আর জার্সি, বল কিংবা ব্যক্তিগত জিনিসে অটোগ্রাফ দিচ্ছেন না। এ নিয়ে বেশ আলোচনা চলছে ভক্ত মহলে। কিন্তু কেন এই সিদ্ধান্ত ইয়ামালের?

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আলোচনায় আছেন, যারা বিশ্বজুড়ে তারকাদের স্বাক্ষরিত পণ্য বাজারজাত করে থাকে। যুক্তরাষ্ট্রের এনবিএ ও এনএফএলের অনেক খেলোয়াড়ও একই ধরনের ব্যবসায় জড়িত, যেখানে তারা নিজেদের সই করা বল, জার্সি ও অন্যান্য সামগ্রী বিক্রি করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো ইয়ামালের স্বাক্ষরযুক্ত পণ্য থেকে আয় করা।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে। সেই কারণেই তিনি এখন কেবল ভক্ত ও বার্সেলোনা সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন, কিন্তু অটোগ্রাফ দিচ্ছেন না। বার্সেলোনা ক্লাব পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে এতে তারা কোনো হস্তক্ষেপ করবে না বলেই জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইয়ামালের এই পদক্ষেপ তার বাজারমূল্য এবং ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করবে।

ইয়ামাল বর্তমানে কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠার পর্যায়ে আছেন। আরও বেশ কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। চলতি মৌসুমে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে ইয়ামাল মোট সাতটি ম্যাচে খেলেছেন ইয়ামাল। ২টি গোলের পাশপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন। তার ওপর অত্যাধিক ওয়ার্কলোড দেওয়া হয়েছে বলেও বার্সেলোনার সমালোচনা করছেন অনেকে। তবে ভক্তদের বড় দুঃখ প্রিয় তারকার অটোগ্রাফ না পাওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত