ভারতকে নিয়ে বিতর্কিত এক প্রচারণা ভিডিওতে অংশ নেওয়া সত্ত্বেও সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ। আসন্ন ভারত–অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে মার্শ জানালেন, তিনি শুধু ক্রিকেটেই মনোযোগ দিতে চান।
১৫ অক্টোবর অস্ট্রেলিয়ার স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম কায়ো স্পোর্টস প্রকাশ করে একটি ভিডিও, যেখানে ভারতের ‘হ্যান্ডশেক না করার নীতি’কে কেন্দ্র করে হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়। ভিডিওটিতে মার্শ ছাড়াও ছিলেন জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, গ্রেস হ্যারিস প্রমুখ। ভিডিওর উদ্দেশ্য ছিল সিরিজের আগ্রহ বাড়ানো, কিন্তু তা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে এবং পরে সরিয়ে নেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা করমর্দনের বিকল্প হিসেবে নানা মজার কৌশল চেষ্টা করছেন— ম্যাক্সওয়েল ও ফ্রেজার-ম্যাকগার্কের ফিস্ট-বাম্প প্রচেষ্টা ব্যর্থ হয় মজারভাবে, আর হ্যারিস ও সোফি মোলিনিউক্সও যোগ দেন হালকা-ধারার রসিকতায়।
তবে ভিডিওটি নিয়ে প্রশ্ন করা হলে মার্শ সংবাদ সম্মেলনে বলেন, “আমি আসলে বিজ্ঞাপনটি দেখিনি। এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা, তাও জানি না। এ বিষয়ে আমার তেমন কিছু বলার নেই।”
প্যাট কামিন্সের ইনজুরির কারণে এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন মার্শ। তিনি জানান, সিরিজ শুরুর আগে দলের পুরো মনোযোগ ক্রিকেটে, বিতর্কে নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ ঘিরে ভারতের ক্রিকেটভক্তদের উত্তেজনা তুঙ্গে, কারণ আট মাস পর ওয়ানডেতে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু’জনের প্রত্যাবর্তনেই তিন ম্যাচের সিরিজে বাড়ছে আগ্রহ ও দর্শক উপস্থিতি।
পার্থে প্রথম ওয়ানডের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে, যা প্রমাণ করছে—দীর্ঘ বিরতির পর ভারতের দুই তারকা ব্যাটসম্যানকে আবারও মাঠে দেখতে কতটা আগ্রহী ক্রিকেটপ্রেমীরা।