মালয়েশিয়ায় প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেন্টর তামিম ইকবাল

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট মানচিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট — মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে এই টুর্নামেন্ট আয়োজিত হবে।

প্রথম আসরেই লিগে অংশ নেবে পাঁচটি দল, যেখানে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের আন্তর্জাতিক তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন দুই ক্রিকেট কিংবদন্তি — অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং বাংলাদেশের তামিম ইকবাল, যারা দলগুলোর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

মালয়েশিয়া সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করছে। ২০২৫ সালে দেশটি সফলভাবে আয়োজন করেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ, যা একটি সহযোগী সদস্য দেশের জন্য বিরল সাফল্য। এছাড়া পুরুষ দলটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর এশিয়ান বাছাইপর্বে শীর্ষে থেকে জায়গা করে নেয়, যা প্রমাণ করে দেশটির ক্রমবর্ধমান ক্রিকেটীয় সামর্থ্য।

লিগটি পরিচালনা ও সম্প্রচারসহ সব কার্যক্রম দেখবে আইপিজি গ্রুপ, যারা আন্তর্জাতিক মানে ক্রিকেট লিগ আয়োজনের অভিজ্ঞতা রাখে। এর ফলে মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ হবে বিশ্বমানের প্রতিযোগিতা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকেটের নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

আইপিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও অনীল মোহন যোগ করেন, “মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা উচ্ছ্বসিত। ভারতীয় খেলোয়াড়রাও এই লিগে অংশ নেবেন। মালয়েশিয়ার ক্রিকেটপ্রেম ও আমাদের অভিজ্ঞতার সমন্বয়ে প্রথম আসরটি হবে এক স্মরণীয় আয়োজন।”

লিগের দলগুলোর নাম, খেলোয়াড় ড্রাফট, তারকা সাইনিং ও ম্যাচ সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।

বিশ্ব ক্রিকেটে দ্রুত এগিয়ে চলেছে মালয়েশিয়া। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর এশিয়ান বাছাইপর্বে শীর্ষস্থান অর্জন করেছে দেশটির জাতীয় দল। বর্তমানে বিশ্বের ১২৩টি দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ২৫তম স্থানে মালয়েশিয়া। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত