বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা বলছেন তাদেরকে ভোট দিলে স্বর্গে যাবেন এমন কথা বলে তারা শুধু মানুষকে বোকাই বানাচ্ছেন।
তিনি বলেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের তালিম দিচ্ছেন। আর যারা এসব কথা বলে তাদের কি ঈমান থাকে। পরকালে যার যার হিসাব তাকেই দিতে হবে আর মাফ করার মালিক আল্লাহপাক তিনি ছাড়া এই পৃথিবীতে আর কারো দেওয়ার ক্ষমতা নেই।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হিলির ফকিরপাড়ায় হাকিমপুর পৌর বিএনপি আয়োজিত পথসভায় ডাক্তার জাহিদ এসব কথা বলেন।
দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সময় ভোট কেন্দ্রে যেতেই হয়নি আপনি যাওয়ার আগেই ভোট হয়ে গেছে। রাত্রে বেলা ঘুমাই থাকা অবস্থায় ভোট হয়ে যায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটের এমন অবস্থা ছিল। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। অর্থাৎ আপনারা যাকে ভালো মনে করবেন তাদেরকেই ভোট দিবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনাদের সবার একটা করে ভোট আমারও একটা করে ভোট। কাজেই আমাদের অধিকার কিন্তু সমান সমান তাই ভোটের বিষয়ে সকলকে দায়ীত্বশীল হতে হবে। অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক লোভ দেখাবে কিন্তু কারো কোনো প্রলোভনে আপনারা যোগ দেবেন না।
তিনি বলেন, বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে কথার ফুলঝড়িতে আমরা বিশ্বাস করতে চাই না। আমরা কোনো চুরি বা দুর্নীতির সঙ্গে নিজেদেরকে জড়াবো না। যেটা হওয়া উচিৎ সেটাই হবে কোনো ধরনের অন্যায় অবিচার হবে না।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।