কুমারখালীতে বালুরঘাটে দুর্বৃত্তদের হামলা, একজন গুলিবিদ্ধসহ আহত ৩

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী সৈয়দ মাসউদ রুমী সেতু ঘাট ইজারাকৃত বালুরঘাট আগ্নেয়াস্ত্রসহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে।

ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়ে কয়েকজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ও কেউ বাড়িতে রয়েছে। এছাড়াও প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন- লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন (পায়ে গুলিবিদ্ধ), ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্ত।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, লাহিনীপাড়ায় গড়াই নদীতে ড্রেজিংকৃত তোলা বালুর ইজারা পায় স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই বালু তুলছেন ঠিকাদারের লোকজন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০-১২ জন হামলা চালিয়ে লুটপাট করে দ্রুত চলে যায়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত বলেন, রাত ৩টার দিকে গুলি করতে করতে ১০-১২ জন দুর্বৃত্ত ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ সহ কয়েক আহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।