ফের জয় চেলসির ছাঁটাই পস্তেকোগলু

ফিফা উইন্ডোর বিরতির আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়েছিল চেলসি। বিরতির পর মাঠে ফিরে জয়ের ধারা অব্যাহত রাখল ব্লুজরা। চেলসি ৩-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। নটিংহ্যাম লিগে টানা সপ্তম ম্যাচে জয়হীন রইল। চেলসির কাছে হারের পরই ক্লাবটি কোচ আনগে পস্তেকোগলুকে ছাঁটাই করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র ৩৯ দিনের মাথায় ছাঁটাই হলেন তিনি।

ম্যাচে সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে বাঁ-দিক থেকে পেদ্রো নেতোর দুর্দান্ত ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে দলকে এগিয়ে নেন জশ আচেম্পং। ৫২ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান পর্তুগিজ ফরোয়ার্ড পেড্রো নেতো। ৮৪ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন রিস জেমস। ৮৭ মিনিটে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির ফরাসি ডিফেন্ডার মালু গুস্তো। লিগ ও কাপ প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই চেলসির খেলোয়াড় লাল কার্ড দেখলেন। আট ম্যাচে চেলসির এটা চতুর্থ জয়। নটিংহ্যামের ৮ ম্যাচে পঞ্চম হার।