ইতিহাসের সেরা ফুটবলারকে কাছে পেয়ে আমি ভাগ্যবান: মাশ্চেরানো

ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাশ্চেরানো বলেছেন, লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। ৩৮ বছর বয়সেও তিনি দেখাচ্ছেন অসামান্য ফুটবল দক্ষতা। শনিবার ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি, যা তাকে ২০২৫ এমএলএস মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পাইয়ে দিয়েছে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মাশ্চেরানো বলেন, ‘লিও আজও অসাধারণ খেলেছে, যেমন তিনি সবসময় খেলেন। যেকোনো শঙ্কা থাকলেও এখন সেগুলো সব নিশ্চিহ্ন হয়েছে। সম্ভবত তাকে মর্যাদাপূর্ণ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার দেওয়া হবে। আমি ভাগ্যবান, কারণ লিওকে এত কাছে থেকে দেখার সুযোগ পাই। সে সত্যিই ইতিহাসের সেরা।’

এই জয়ের ফলে নিয়মিত মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৯—মাত্র ২৮ ম্যাচে। এর মাধ্যমে প্রথমবারের মতো এমএলএসে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ও ন্যাশভিলের স্যাম সারিজ। দুজনই মৌসুম শেষ করেছেন ২৪ গোল নিয়ে। 

ইন্টার মায়ামি এখন প্লে-অফের প্রথম রাউন্ডে পুনরায় ন্যাশভিলের মুখোমুখি হবে। মাশ্চেরানো বলেন, ‘দল শারীরিকভাবে ভালো অবস্থায় আছে। এখন আমরা সপ্তাহে একবার খেলার সুবিধা পাবে। ন্যাশভিলের বিপক্ষে আমরা প্রস্তুতি নিয়ে মাঠে নামব এবং হোমে জয় নিশ্চিত করার চেষ্টা করব।’