নিষেধাজ্ঞা ভেঙে গজারিয়ায় ইলিশ নিধন

‘নৌ পুলিশ ছাড়া নদীতে গেলে জেলেরা মারধর করে’

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার মহোৎসব চলছে। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকলেও নদীতে প্রকাশ্য দিবালোকেই জেলেরা ইলিশ শিকার করছেন।

এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, প্রতিদিনই অভিযান হচ্ছে। রবিবার (১৮ অক্টোবর) সকালেও হোসেন্দী বাজারে গিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে নৌ পুলিশ, কোস্ট গার্ড ছাড়া নদীতে গেলে জেলেরা আমাদেরকে মারধর করে। এই মুহূর্তে তারা মুন্সীগঞ্জে রয়েছে আমরা আবার বিকেলে যাব।

রবিবার সকালে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরেজমিনে উপজেলার ইসমানিরচর-ভাটি বলাকী থেকে মেঘনা ব্রিজের পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরে দেখা গেছে, শতাধিক জেলে নৌকা নিয়ে ইলিশ মাছ ধরছেন। কোনো বাধা বিঘ্ন নেই। নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কারেন্ট জাল বিছিয়ে রেখেছে। শঙ্কার ‍বিষয় হচ্ছে মৌসুমি ইলিশ মাছ ধরার কাজে পেশাগত জেলেদের সঙ্গে নদীপাড়ের গ্রামগুলোর স্থানীয় ছাত্র, কৃষক ও বেকার যুবকরাও যোগ দিয়েছে।

প্রশাসনের নজরদারী আছে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জেলে বলেন, অভিযান শুরুর আগেই খবর চলে আসে তখন আমরা নিরাপদ স্থানে চলে যাই।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, আমরা তো নিয়মিত অভিযান চালাচ্ছি। এই মুহূর্তে তেল আনার জন্য অপেক্ষা করছি, বিকেলে বের হবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমরা মা ইলিশ রক্ষায় যে কোন সময়ের চেয়ে এ বছর বেশী সচেতন, প্রয়োজন হলে নৌ পুলিশ,কোস্ট গার্ডের সাথে আমরাও যাবো আর মা ইলিশ রক্ষা করবো।