শৈলকুপায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদরাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার পদমদী গ্রামের মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ও শিক্ষার্থীরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে মাদরাসার শিক্ষক সাদিক হোসেন, অভিভাবক আবু দাউদ, বুলবুল আহম্মেদসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, মাদরাসার পরিচালক ইমরান হোসেন ও শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে ৩ ছাত্রকে বলাৎকার করার মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছে। যে কারণে মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে মাদরাসার ২ শতাধিক শিক্ষার্থীও শিক্ষাজীবন।

বক্তাদের অভিযোগ, মাদরাসাটির কার্যক্রম বন্ধ করতে স্থানীয় একটি মহল এই চক্রান্ত করে মামলা করিয়েছে। তাই দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এ দাবি মানা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষকরা।