বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন নাতি আশিক হোসেন রানা। রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাবান আলী ফকির (৬৫) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আশিক হোসেন (২৬) একই গ্রামের আবু সাইদ সাইফুলের ছেলে।
শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, মাদকাসক্ত আশিক হোসেন রানা নেশার জন্য প্রায় পরিবারের কাছে টাকা চাইত। ঘটনার দিন সকালে তিনি তার দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাস্তায় দাদা সাবান আলী ফকিরকে একা পেয়ে আশিক হোসেন রানা লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাবান আলী ফকিরের মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত আশিক হোসেন রানা পালিয়ে না গিয়ে শেরপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করে।
ওসি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।