শ্রীবরদীতে শতাধিক ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে মো. বরকত আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বরকত আলী উপজেলার মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে বাড়ির উঠানে একটি গাছের ডাল কাটতে যান বরকত আলী। এ সময় গাছের ডাল কাটার সময় চাক থেকে উড়ে এসে কয়েকটি ভিমরুল তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে তিনি আবারও গাছের আরেকটি ডাল কাটতে গেলে চাক থেকে অসংখ্য ভিমরুল বেরিয়ে তাকে আক্রমণ করে। এতে তার শরীরে প্রায় শতাধিক কামড় লাগে।

এ অবস্থায় গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া জানান, গাছের ডাল কাটতে গিয়ে শতাধিক ভিমরুলের কামড়ে কৃষক বরকত আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত