ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ বলেছেন, ‘আমি কেন্দ্রীয় নেতাদের থেকে সিগন্যাল (আশ্বাস) পেয়ে মাঠে নেমেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে কমিটি গঠন করে চিহ্নিত চাঁদাবাজদের নির্মুল করা হবে। কে চাঁদাবাজ, কে কার কাছ থেকে এবং কোথায় কত টাকা নিয়েছে আমি সব জানি। সময় আসলে আমি যদি সুযোগ পাই তাহলে চাঁদাবাজদের নির্মুলের কাজটি আমি করব।’
এম.এ মজিদ আরও বলেন, দল আমাকে সুযোগ দিলে ঈশ্বরগঞ্জের রাস্তাঘাটের উন্নয়নে বেশি গুরুত্ব দিব। কারণ উপজেলার বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ।
রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার এম এ মজিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোদ্ধা হিসেবে আমি মনে করি— দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। আমি বিশ্বাস করি, তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। এ আসনের জনগণের পাশে থেকে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।
সাংবাদিকরা তাদের কাজের চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা নিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির কাছে গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরি করা হবে। সভায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।