হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

মাঠে চাষযোগ্য সবজির উৎপাদন বাড়াতে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার তুলে দেন নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এসময় উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে মাঠে চাষযোগ্য শশা, মিষ্টিকুমড়া, বেগুন ও লাউ সবজির বীজ বিতরণ করা হয়।   

প্রত্যেক কৃষককে ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। সেই সঙ্গে কিভাবে এসব সবজির বীজ বপন ও রক্ষণাবেক্ষণ করতে হবে সে সম্পর্কে কৃষকদের অবগত করেন কৃষি কর্মকর্তাগন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান।