নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে সোয়াইবা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোয়াইবা গ্রামের মোশারফ হোসেন ও সাবিনা দম্পতির একমাত্র কন্যা।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সোয়াইবা বাড়ির পেছনে ডোবায় পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবার পানিতে শিশুকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোরশেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে ।