বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি সরকার তাদের শাসনামলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করে একটি গর্বিত প্রজন্ম তৈরির জন্য কাজ করছি। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে শুধু হত্যা গুম খুন লুটপাট নয় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
আজ সোমবার সকালে জিয়া পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে পড়ালেখা না করলেও শতভাগ পাস দেখানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা থেকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ দূরে রেখে জাতিকেই শেষ করে ফেলার অপচেষ্টা করেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে বিএনপি আবারো নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করবে। শুধু শিক্ষক নয়, দেশের প্রতিটি সচেতন নাগরিককে আগামী দিনে একটি সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা খাতের কোনও উন্নয়ন করেনি। শুধুমাত্র নিজের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসিয়ে লুটপাট করেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা খাতের উন্নয়ন করা হবে। শিক্ষকদের প্রয়োজনীয় সুবিধা-অসুবিধা বিবেচনা করা হবে।
দুলু বলেন, দেশের শিক্ষকেরা নতুন শিক্ষার্থী, নতুন ছাত্র-ছাত্রীদের আপনারা কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে এই শিক্ষাই দেবেন যে, আগামী দিনে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশের মানুষের ভাগ্যেও পরিবর্তন করতে। তাই সকলে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকতে হবে।
মতবিনিময় সভায় সংগঠনের জেলা সাবেক উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ আলী ও অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ প্রমুখ।