জাল টাকাকাণ্ডে শেরপুর পোস্ট অফিসের নির্দেশনা জারি

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

শেরপুর প্রধান ডাকঘর থেকে জাল টাকাকাণ্ডে জরুরি নির্দেশনা জারি করেছে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল জামালপুর বিভাগ। সোমবার (২০ অক্টোবর) এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, কিছু দিন আগে শেরপুর প্রধান ডাকঘরে সঞ্চয় শাখায় টাকা দেওয়া নেওয়ার সময় কিছু জাল টাকা পাওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয় যা বর্তমানে তদন্তাধীন অবস্থায় আছে। ইতোমধ্যে দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তির নির্দেশনা মোতাবেক নগদ টাকা লেনদেনে জনসাধারণকে সতর্কতা অবলম্বন এবং পোস্ট অফিসের সেবা দেওয়ার সময় গ্রাহকের থেকে টাকা দেওয়া-নেওয়ার ক্ষেত্রে জাল নোট প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, নোট নেওয়ার সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথা জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি (প্রযোজ্য ক্ষেত্রে) ও ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করা। বড় অংকের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করা। নগদ লেনদেনে জাল নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

জামালপুর বিভাগের পোস্টমাস্টার জেনারেল আব্দুল হামিদ বলেন, অধিকতর সতর্কতার জন্যই আমি এই নির্দেশনা জারি করেছি। যেন পরবর্তীতে পোস্ট অফিস থেকে কোনো গ্রাহক প্রতারিত না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত