বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণতন্ত্র ও সুশাসনের উত্তরণে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা জরুরি।
আমাদের এখন সময়ের দাবি অনুযায়ী নতুন নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা নিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত করতে হবে।
রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “আগামী নির্বাচন যেন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ন্যায়-ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হয়— সে লক্ষ্যে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী।”
সমাবেশে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, বান্দরবান জেলা আমির মাওলানা এস. এম. আব্দুছ্ছালাম আজাদ, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, উত্তর জেলা আমির আলা উদ্দীন সিকদার এবং কক্সবাজার জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী প্রমুখ।
এ ছাড়াও চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।