মাঠে নামার ৩৭ সেকেন্ডে ভিনিসিয়ুসকে ফাউল, অতঃপর....

রবিবার রাতে মাদ্রিদের উপকণ্ঠে আলোকিত গেতাফে স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল বেশ স্বাভাবিক—কিন্তু শেষটা নয়। মাঠে নামার মাত্র ৩৭ সেকেন্ড পরই রেফারির লাল কার্ড দেখে অবিশ্বাসে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন গেতাফে ডিফেন্ডার অ্যালান নিয়োম।

বল থেকে প্রায় ২০ মিটার দূরে গিয়ে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ক্লথসলাইন ট্যাকলে ফেলে দেন নিয়োম। উদ্দেশ্য হয়তো ছিল কৌশলগত ফাউল, কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে ভয়ংকর এক আঘাত। ঠিক দুই দলের ডাগআউটের সামনেই ঘটেছিল ঘটনাটি, ফলে চতুর্থ রেফারি ও মূল রেফারি হোসে লুইস মুনুয়েরা মনতেরো দুজনেই পরিষ্কারভাবে দেখতে পান ঘটনাটি।

রেফারির হাতে তখন একটিই সিদ্ধান্ত—সরাসরি লাল কার্ড। হতভম্ব নিয়োম মাঠ ছাড়ার আগে প্রায় সময় কাটিয়েছেন তার নিজের অবিশ্বাসে, কারণ তিনি নিজেই বুঝতে পারেননি কী ঘটেছে। কিন্তু রিপ্লে দেখার পর আর কোনো সন্দেহের অবকাশ ছিল না—ফাউলটি ছিল পুরোপুরি লাল কার্ডযোগ্য।

অদ্ভুতভাবে, নিয়োম মাঠে ছিলেন যতোটুকু সময়, তার চেয়েও বেশি সময় কাটিয়েছেন লাল কার্ডের পর বিতর্কে!

খেলা আবার শুরু হতেই ঘটে আরও এক নাটকীয় মুহূর্ত। মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই কিলিয়ান এমবাপে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। গেতাফের জন্য সেটিই ছিল পতনের সূচনা। ৭৬ মিনিট ধরে যেই পরিশ্রমে তারা রিয়ালের বিরুদ্ধে এক পয়েন্টের আশা বাঁচিয়ে রেখেছিল, এক মিনিটের মধ্যেই সব ভেস্তে যায়।