৯০ ভরি সোনা ছিনতাই: মাদকদ্রব্য অধিদপ্তরের সাবেক পরিচালকসহ ৬ জনের কারাদণ্ড

পুরান ঢাকায় এক ব্যবসায়ীর ৯০ ভরি সোনা ছিনতাইয়ের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার  ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম এ দন্ড দেন। দণ্ডিতদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক গাড়িচালক ইব্রাহিম শিকদার, জীবন পাল, আমিনুল ইসলাম, রতন কুমার সেন ও এমদাদুল হক। 

দণ্ডিতদের মধ্যে সাকিব ও জীবনকে ৮ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাস করে কারাভোগ করতে হবে। তবে রায় ঘোষণার আগে জীবন পালিয়ে যান।

আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দণ্ডিত অপর পাঁচ আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।২০২১ সালের ১১ জানুয়ারি  পুরান ঢাকার জিন্দাবাহার পার্ক এলাকা থেকে ৯০ ভরি ওজনের দুটি সোনার বার ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতোয়ালী থানায় এ  মামলাটি করেন ব্যবসায়ী সিদ্দিকুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানাযায়, ওই বছরের ৭ জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি সিদ্দিকুর রহমানকে তুলে নিয়ে যায় পরবর্তীতপ তার নিকট থাকা  ৯০ ভরি সোনা লুট করে নিয়ে বাদীকে সেরে দেয়। 

মামলাটি তদন্ত শেষে   এসআই রুবেল মল্লিক ওই বছরের ৫ অক্টোবর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।  ২০২২ সালের ৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার চলাকালে আলমগীর হোসেন নামে এক আসামি মারা যায় এবং আদালত এক জনকে খালাস দেন।