বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে।
এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা।
সোমবার (২০ অক্টোবর) বিডার পক্ষ থেকে জানানো হয়, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই সফর চলবে। প্রতিনিধিদলে বিডা ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা রয়েছেন। সফরটি বাস্তবায়িত হচ্ছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির কারিগরি সহায়তায়।
সফর চলাকালীন সময়ে ২১ থেকে ২৩ অক্টোবর কোরিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বৈদ্যুতিক সরঞ্জাম, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, বস্ত্র, রসায়ন ও ভারী নির্মাণ শিল্পে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে।
এছাড়া প্রতিনিধিদলটি কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের (MOTIE) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। আলোচনায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব, প্রস্তাবিত কোরিয়া–বাংলাদেশ সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) এবং বাণিজ্য সম্পর্কিত নীতিগত বিষয় স্থান পাবে।
সফরের অন্যতম আকর্ষণ হলো “গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ” শীর্ষক বিনিয়োগ সেমিনার, যা ২১ অক্টোবর সিউলে অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়োজন করছে বিডা ও সিউলে বাংলাদেশ দূতাবাস, সহযোগিতায় রয়েছে ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজ (FKI)। এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, প্রস্তুতি ও সম্ভাবনা তুলে ধরা হবে।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, “দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। এই সফরের মাধ্যমে আমরা বাংলাদেশকে কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য নতুন উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে উপস্থাপন করতে চাই।”
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: এনসিপিকে গোলাম পরওয়ার