সোমবারের (২০ অক্টোবর) এক ব্যাপক কারিগরি বিপর্যয়ের পর অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লুএস) এর সেবা অবশেষে স্বাভাবিক হয়েছে। এই ত্রুটির কারণে বিশ্বের এক হাজারেরও বেশি ওয়েবসাইট ও অ্যাপস কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। যার মধ্যে স্ন্যাপচ্যাট, রেডিট, ফোর্টনাইট, ডুয়োলিংগো এর মত অ্যাপ এবং ব্রিটেনের লয়েডস ও হ্যালিফ্যাক্স এর মত প্রধান ব্যাংকগুলো ছিল।
আউটেজ মনিটরিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানিয়েছে, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বিশ্বজুড়ে এগারো মিলিয়নেরও বেশি ব্যবহারকারী সিস্টেম এর ত্রুটি রিপোর্ট করেছেন।
এডব্লুএস জানিয়েছে, তাদের ইউএস-ইস্ট-১ অঞ্চলে ডিএনএস সিস্টেমের ব্যর্থতার কারণে ত্রুটিটি ঘটেছিল, যার ফলে সার্ভারগুলো প্রয়োজনীয় অনলাইন সেবা শনাক্ত করতে পারেনি।
ইউনিভার্সিটি অব সারে-এর অধ্যাপক অ্যালান উডওয়ার্ড এ ব্যপারে মন্তব্য করেন, ‘অতি ক্ষুদ্র মানবিক ভুলও কত বড় প্রভাব ফেলতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।’
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অল্প কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ তা আবারও প্রমাণিত হলো
ফিউচার অব টেকনোলজি ইনস্টিটিউট’র প্রধান কোরি ক্রাইডার সতর্ক করে বলেছেন, অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো তিনটি প্রতিষ্ঠান মিলে বিশ্বের প্রায় সত্তর শতাংশ ক্লাউড মার্কেট নিয়ন্ত্রণ করাটা অস্থিতিশীল ও বিপজ্জনক'
তিনি আরও যোগ করেন,‘এই প্রতিষ্ঠানের যেকোনো একটির সেবা বন্ধ হলে অর্থনীতির বিশাল অংশ একসঙ্গে থেমে যাবে।’
অ্যামাজন এখনো পর্যন্ত এই বিপর্যয়ের মূল কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।