ঐতিহাসিক নির্বাচনে জিতে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী জাপানের আয়রন লেডি নামে পরিচিত। তৃতীয়বারের চেষ্টায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি। তিনি সম্রাটের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি গত কয়েক বছরের মধ্যে প্রথম সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষত আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরকে ঘিরে।
গত ৪ অক্টোবর তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে জয়ী হন। এলডিপি গত কয়েক দশক ধরে প্রায় অবিরাম শাসন করলেও বর্তমানে ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে।
তবে ছয় দিন পর, কোমেইটো পার্টি তাকাইচির রক্ষণশীল মতাদর্শ এবং এলডিপির একটি তহবিল কেলেঙ্কারি নিয়ে অস্বস্তির কারণে জোট ছেড়ে দেয়।
ফলে তাকাইচি জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) সাথে একটি নতুন জোট গঠনে বাধ্য হন, যা সোমবার রাতে চূড়ান্ত হয়।
তাকাইচি সোমবার জাপানের অর্থনীতি শক্তিশালী করার এবং ভবিষ্যত প্রজন্মের জন্য টেকসই দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।