ধর্ষণের অভিযোগে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের খানপুরে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অভি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত এলাকার ওয়াসার জোড়া পানির টাংকির বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ বরিশালের শরনখোলা এলাকার আবুল কালামের ছেলে ও খানপুরের ইতু ভিলায় সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োজিত ছিলেন।

অভিযুক্ত অভি শহরের খানপুরের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ওই সিকিউরিটি গার্ডকে বাড়ি থেকে মারধর করতে করতে নাসিকের ওয়াসার জোড়া পানির টাংকির ভেতরে নিয়ে আবারও বেধড়ক মারধর করা হয়। পরে হানিফকে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত হানিফের বোন জয়নাব জানান, অভিসহ তার লোকজন জানায় হানিফ নাকি ১৩ বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে। আমরা এটার সত্য মিথ্যা কিছু জানি না। কিন্তু যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলা হচ্ছে সেই মেয়ে সুস্থ স্বাভাবিক আছে। অথচ তারা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে।

নিহতের ভগ্নিপতি ইব্রাহিম বলেন, সোমবার সন্ধ্যায় আমি ডিউটি থেকে আসলে আমাকে ও আমার স্ত্রীকে খানপুরে জোড়া পানির টাংকির ওখানে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে খানপুরের অভি ও তার লোকজন আমাকে ধাপ্পড় মারে। আমাদেরকে গাল মন্দ করে নানা ধরনের হুমকি দেয়। একপর্যায়ে তারা আমাদের কাছ থেকে টাকা চায়। আমরা টাকা দিতে অপারগজানালে তারা হানিফকে একটি অটোতে তুলে। আর আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।