আউট হয়ে মাথায় হাত শান্তর; একাই লড়ছেন সৌম্য

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের টপ অর্ডার দ্রুত ধসে পড়েছে। ৬৮ রানের মধ্যেই পতন হয়েছে ৩ উইকেটের। একপ্রান্ত আগলে লড়াই করে যাচ্ছেন সৌম্য সরকার। প্রতিপক্ষ বোলারদের চেয়েও ব্যাটারদের দুশ্চিন্তার কারণ মিরপুরের কালো উইকেট।

দলীয় ২২ রানে আকিল হোসেনর বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে এক ছক্কায় ৬ রান করা সাইফ হাসান। তিনে নেমে তাওহীদ হৃদয় ফিরেছেন ১৯ বলে ২ চারে ১২ রান করে। গুড়াকেশ মোতির ঝুলিয়ে দেওয়া বলটি উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন হৃদয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে। 

সবচেয়ে অদ্ভুত আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত (১৫)। ভালো শুরুর পর আলিক অ্যাথানেজের শর্ট বল লেগ সাইডে পুল করতে চেয়েছিলেন। ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল চলে যায় মিড অনে থাকা ফিল্ডার ব্রেন্ডন কিংয়ের হাতে। আউট হয়ে নাজমুল যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি মাথায় হাত দেন! অন্যদিকে ওয়ানডেতে প্রথম উইকেট পাওয়া অ্যাথানেজ আনন্দে দুই হাতে মুখ লুকান।