আগামী ২৪ অক্টোবর চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই জন্মদিনের কেক কেটে চমকে দিলেন এই অভিনেত্রী। প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করেন পরী। তবে এবার দেশের বাইরে থাকার কারণে জন্মদিনের আগেই শুরু হলো তার প্রথম উদযাপন। আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক। পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি অর্কের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন। বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নজর কেড়েছে সবার।
পরীমনি তার পোস্টে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না। ‘অর্কর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবারদাবার আদানপ্রদান হয় আমাদের।’
অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন জানিয়ে এই নায়িকা লিখেছেন, ‘ অর্কর ছোট ছোট অনেক আবদার থাকে বারমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’
শেষে লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’