কিছুদিন আগে টেলিভিশনের এক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। সেখানে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, এমন কোনো বিষয় আছে যা আপনার জানা নেই? জবাবে শক্তিমান এই অভিনেতা বলেছিলেন, আমি অনেক কাজ্ই পারি। আবার অনেক কিছুই পারি না। এই যেমন আমি নামাজ পড়লেও আরবি ভাষা পড়তে পারি না। তবে ইচ্ছে আছে এই ভাষাটা শিখে ফেলার।
নিজের সেই ইচ্ছা পূরণ করছে তার নাতি। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশা সওদাগর একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি ছোট নাতি রাফসানের পাশে বসে আছেন, সামনে খোলা একটি আরবি বই। ছবিটির ক্যাপশনে মিশা লিখেছেন, ‘চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।’
অভিনেতার এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগমাধ্যমে। ভক্তরা মিশার এই বিনয়ী ও হৃদয়স্পর্শী বার্তায় মুগ্ধ হয়ে প্রশংসা করছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, ‘এটাই আসল শিক্ষা’, ‘মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।’