নারায়ণগঞ্জ

শিশুকে ধর্ষণের ঘটনায় ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী এলাকায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অভিযুক্ত পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা শিশুর (১২) চাচা বাদি হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিল। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার বাসিন্দা।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ভুক্তভোগী শিশু গৃহকর্মী হিসেবে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে কাজ করতো। গত ২০ অক্টোবর দুপুরে সে ওই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায়। এরপর রুহুল আমিনের সাথে পরিচয় হলে একপর্যায়ে শিশু গৃহকর্মীকে ফুসলিয়ে তার বন্দরের ভাড়া বাসায় এনে ধর্ষণ করে। পরে তাকে ফের ঢাকায় নেয়ার পথে নারায়ণগঞ্জ শহরের  ২নং রেলগেটে শিশুটি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।