কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীর আস্তানা গুড়িয়ে দিয়ে ৬ জন ভিকটিমকে উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) সদস্যরা। এসময় মানবপাচারকারীর আস্তানা থেকে বিপুল অস্ত্রসহ রুবেল(২১) নামে একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক (২বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে শুরু হয় বিজিবির রুদ্ধশ্বাস চিরুনি অভিযান। বিজিবি সদস্যদের আকস্মিক উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করলে, অভিযানকারী দল পাহাড়টিকে ঘিরে ফেলে কৌশলে ওপরের দিকে অগ্রসর হতে থাকে। প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই টানা অভিযানে বিজিবি সদস্যরা সাহসিকতা, পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের এক অনন্য নজির স্থাপন করে ১ জন পাচারকারীকে আটক করে ও ৬ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন এবং পর্যায়ক্রমে গহীন পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানা হতে ৩টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি (ওয়ান শুটার গানের) ও ১ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে যে, অপরাধীদের কয়েকজন দোসর তাদেরকে বিদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রলোভন দেখিয়ে এই সশস্ত্র পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। অপরাধীরা সশস্ত্র প্রহরায় তাদেরকে পাহাড়ে আটকে রেখে গত এক সপ্তাহ ধরে মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
আটক পাচারকারী ও উদ্ধারকৃতদের সকল আলামত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই অধিনায়ক।