জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবার হাত মিলিয়েছে চ্যাটজিপিটির সঙ্গে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআইয়ের সাহায্যে নিজেদের পছন্দমতো প্লেলিস্ট তৈরি করতে পারবেন। ব্যক্তিগতভাবে সাজানো গান ও পডকাস্টের রিকমেন্ডেশন করতে পারবেন। এই ইন্টিগ্রেশন স্পটিফাইয়ে থাকা এআই সুবিধাগুলোর পরিধি আরও বাড়িয়ে দিয়েছে।
৬ অক্টোবর থেকে চালু হওয়া এই নতুন ফিচারের মাধ্যমে স্পটিফাই ব্যবহারকারীরা এখন তাদের স্পটিফাই অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। সংযুক্ত করার পর চ্যাটজিপিটি ব্যবহারকারীর শুনে আসা গান, পছন্দের শিল্পী, ফলো করা অ্যাকাউন্ট এবং প্লেলিস্টের হিস্ট্রি অনুযায়ী নতুন গান বা পডকাস্ট সাজিয়ে দেবে। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে চ্যাটজিপিটি এখন স্পটিফাই নিয়ন্ত্রণ করতে পারে, ব্যবহারকারীর ডিভাইসে গান চালাতে পারে, লাইব্রেরিতে গান যোগ বা বাদ দিতে পারে, ব্যক্তিগত প্লেলিস্ট তৈরি ও এডিট করতে পারে এবং নতুন শিল্পী বা বন্ধুদের ফলো করার সুযোগ দেয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করা প্লেলিস্ট সরাসরি স্পটিফাই অ্যাপে খুলে শোনা বা সেইভ করা যাবে।
স্পটিফাই অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার উপায়
স্পটিফাই অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াটিও সহজ। চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব ব্রাউজারে গিয়ে একটি নতুন চ্যাট শুরু করতে হবে এবং স্পটিফাইকে উদ্দেশ্য করে প্রম্পট দিতে হবে। এরপর চ্যাটজিপিটি ব্যবহারকারীকে স্পটিফাই কানেক্ট করার অপশন দেবে। লগইন করে অনুমতি দিলেই অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে এবং এরপর চ্যাটজিপিটি ব্যবহারকারীর প্রম্পট অনুযায়ী গান বা প্লেলিস্ট সাজিয়ে দেবে, যা সরাসরি স্পটিফাইয়ে ওপেন করা যাবে।
ফিচারটি কারা ব্যবহার করবে
এই নতুন ফিচারটি এখন স্পটিফাইয়ের ফ্রি এবং প্রিমিয়াম উভয় ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। ফ্রি ব্যবহারকারীরা স্পটিফাইয়ের বিদ্যমান জনপ্রিয় প্লেলিস্ট যেমন ডিসকভার উইকলি বা নিউ মিউজিক ফ্রাইডে থেকে প্রস্তাব পাবেন আর প্রিমিয়াম ব্যবহারকারীরা একেবারে নতুন কাস্টম প্লেলিস্ট তৈরি করতে পারবেন চ্যাটজিপিটির মাধ্যমে। তবে ফিচারটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় কিছু ব্যবহারকারী শুরুতে কানেকশন সমস্যা বা প্লেলিস্ট জেনারেশনে ত্রুটি পাচ্ছেন। স্পটিফাই বলছে, এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে। প্রযুক্তি সাইট ‘হাও টু গিক’ লিখেছে, চ্যাটজিপিটির সঙ্গে এই পার্টনারশিপ শুধু স্পটিফাইকে আরও ব্যক্তিগত অভিজ্ঞতা দেওয়ায় সাহায্য করবে না বরং এআই ভিত্তিক গান খুঁজে পাওয়ার নতুন দিগন্তও উন্মোচন করবে।
লেখক : শিক্ষার্থী, কবি নজরুল বিশ্ববিদ্যালয়