জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

দেশে উচ্চশিক্ষার প্রসার বিশেষ করে সারা দেশের কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দেওয়ার লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় ৩৮ লাখ।