টাঙ্গাইলে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে আনন্দমুখর শিক্ষা নিশ্চিতে ১২টি উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রনি, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা অনুভূতি ব্যক্ত করে জানায়, আগে তারা মাঠে খেলত, এখন অনেক নতুন নতুন খেলাধুলায় অংশ নিতে পারবে।
অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানায়, তাদের সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে মন খুলে শেখার সুযোগ পাচ্ছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। শিশুদের হাসিখুশি মুখ, খেলার শব্দ আর শেখার আনন্দে টাঙ্গাইলের প্রাথমিক বিদ্যালয়গুলো নতুন প্রাণ ফিরে পাবে বলে আশা সংশ্লিষ্ট সবার।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক বলেন, ‘বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে। ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে। প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, সøাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বসানো হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।’