জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ডা. তাহের বলেন, আমরা সংস্কারের বিষয়ে একমত হয়েছি। সেই সংস্কার বিষয়ে একটা দলিল তৈরি করার জন্য আমরা একটা সনদে স্বাক্ষর করেছি। এটা জাতির ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এতে প্রধান উপদেষ্টাও একমত হয়েছেন। তিনিও বলেছেন- তিনি এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেবেন। আমরা তাকে বলেছি- একটি আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবাধানিক মর্যাদা দিতে হবে।
জামায়াতের নায়েবে আমির আরও বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো ভিন্ন ভিন্ন জিনিস আলাদা সময়ে হতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের অনেক বিষয়ে পরিবর্তন হবে। সে কারণে আগে অবশ্যই গণভোট হতে হবে।
ডা. তাহের বলেন, নোট অব ডিসেন্ট সংস্কারের কোনো আলোচনা হতে পারে না। নির্বাচন কমিশন, সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ একটি দলের। পুলিশ প্রশাসনেরও একই অবস্থা। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলেছি নির্বাচনের আগে যেখানে যেখানে রদবদল করা প্রয়োজন, সেটি করুন। লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। সে ক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমেও করতে পারেন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ কে দেবেন, সে বিষয়ে আমরা বলেছি আইনের যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে প্রধান উপদেষ্টা এই আদেশ দেবেন।