কমিটি ভেঙে নির্বাচন দাবি অভিভাবক ঐক্য ফোরামের                   

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন সম্পন্নের দাবি জানিয়েছে শিক্ষার্থীর স্বার্থ রক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

বুধবার বিকালে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ সরকারের অধীনে ছুটির দিনে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এসব নির্বাচনের আয়োজন করতে হবে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না এবং ক্লাস বন্ধ করার প্রয়োজনও পড়বে না।

নেতৃদ্বয় জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সংশোধিত প্রবিধানমালার কিছু ধারা নিয়ে আদালতে একাধিক রিট দায়ের হয়েছে। এরই প্রেক্ষিতে তারা চলমান সব কমিটি বাতিল করে জেলা প্রশাসককে একক ক্ষমতা দিয়ে নতুন কমিটি গঠনের নির্বাচন আয়োজনের দাবি জানান।

অভিভাবক ঐক্য ফোরামের নেতারা আরও বলেন, সভাপতি পদে মনোনয়ন ব্যবস্থার পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আদালতে স্থগিত হওয়ার আগে প্রচলিত প্রবিধানমালার আলোকে নির্বাচন আয়োজনেরও আহ্বান জানান তারা।