রাকসু ফলাফলের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

এ ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, আগামী ২৬ অক্টোবর নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করে দায়িত্ব দেওয়া হবে।

রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, বুধবার দুপুরে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের আগামী ২৬ অক্টোবরে সিনেট ভবনে শপথ বাক্য পাঠ করানো হবে। কেন্দ্রীয় সংসদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসুর সভাপতি এবং উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং হল সংসদের শপথ গ্রহণ করাবেন সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি অর্থাৎ প্রাধ্যক্ষ।

এ দিকে আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমিনুল হক, অধ্যাপক মোহা. এনামুল হক, অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ প্রমুখ।

উল্লেখ, প্রায় দীর্ঘ ৩ যুগ পরে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন।