আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্রে দুর্নীতির অভিযোগ

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুকুয়া স্বাস্থ্যকেন্দ্রে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ইজিপি পদ্ধতিতে বরাদ্দের ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষ্যে আহ্বানকৃত দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে বরগুনা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্রে অংশগ্রহণকারী মেসার্স বিথি ট্রেডার্সের মালিক মোসা. সামসুন্নহার রুবী।

লিখিত অভিযোগে জানা যায়, ৬টি গ্রুপে মেডিকেল সামগ্রী ক্রয়ের জন দরপত্র আহ্বান করা হলে ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান অনলাইনে দরপত্র দাখিল করে। এতে  সর্বনিম্ন টেন্ডারদাতা মেসার্স বিথি টেডার্সকে কাজ না দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার টেন্ডার কনসালট্যান্ট আরিফুর রহমান ইমন ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার ইন্টারন্যাশনালকে দুর্নীতির মাধ্যমে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য অনুমতি প্রদান করেন।

তবে এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার অভিযোগ অস্বীকার করেছেন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগটি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।