আওয়ামী লীগ–বিএনপি বিরোধে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর এলাকায় এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে কুমিল্লা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সংঘর্ষের সময় উত্তর সুহিলপুর গ্রামের ওকিলের বাড়ি গোষ্ঠী ও আজিজের বাড়ি গোষ্ঠীর লোকজন একে অপরের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে বাচ্চু মিয়া (৬৯) ও সৈয়দ মিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চু মিয়া ও সৈয়দ মিয়া বলেন, কয়েক দিন আগে আওয়ামী লীগ–বিএনপি নিয়ে ওকিলের বাড়ির গোষ্ঠীর সাদ্দাম হোসেন ও আজিজের বাড়ির গোষ্ঠীর আক্তার মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি হাতাহাতিতে গড়ালে বুধবার রাতে সেটিই বড় আকারের সংঘর্ষে রূপ নেয়। এতে মহাসড়ক অবরোধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় তিন কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই দ্বন্দ্বের জেরে বুধবার সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভবিষ্যতে যেন আর কোনো সহিংসতা না ঘটে, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।