‘বেলিংহাম বিশ্বের অন্যতম পরিপূর্ণ খেলোয়াড়’

চোট আর ছন্দের সঙ্গে লড়াই শেষে অতঃপর জ্বলে উঠলেন জুড বেলিংহাম। চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ে একমাত্র গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন ইংলিশ তারকা। ম্যাচ শেষে কোচ জাবি আলোনসো প্রশংসায় ভাসিয়েছেন বেলিংহামকে। বলেছেন— ‘সে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়দের একজন।’

কাঁধের ইনজুরি থেকে ফিরে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের মৌসুমের শুরুটা ভালো যায়নি। এখন পর্যন্ত লিগে মাত্র তিন ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং আরও চার ম্যাচে বদলি হিসেবে নেমেছেন। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে ইউরোপে খেলেছিলেন মাত্র ১০ মিনিট, গোলও পাননি ক্লাব বিশ্বকাপের পর থেকে। তবে বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভাগ্য ফিরল তার।

এদিন ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত ড্রিবল থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন বেলিংহাম। গোলটি যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনই জরুরি ছিল তার ফর্মে ফেরা। ম্যাচ শেষে সাংবাদিকদের আলোনসো বলেন, ‘বেলিংহাম শুধু গোলই করেনি, পুরো ম্যাচজুড়ে অসাধারণ খেলেছে। গেতাফের বিপক্ষে যেমন ভালো খেলেছিল, আজ আরও পরিপূর্ণ খেলেছে। সে প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করে এবং সবসময় প্রতিপক্ষের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। আমি ওর জন্য খুব খুশি।’

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন বেলিংহাম। ২০২৩ মৌসুমে ২৩ গোল ও ১৩ অ্যাসিস্ট করে ক্লাবের চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ে ভূমিকা রাখেন। তবে এবারের মৌসুমে ইনজুরির কারণে ছন্দ হারিয়েছিলেন। আলোনসো আরও বলেন, ‘জুডের মাঠে দুই প্রান্তে কাজ করার অসাধারণ ক্ষমতা আছে। সে যেমন আক্রমণ সাজায়, তেমনই রক্ষণেও অবদান রাখে। এজন্যই বলছি, সে বিশ্বের অন্যতম সম্পূর্ণ খেলোয়াড়।’

ম্যাচে শুরুতে ভালো খেলেছিল জুভেন্টাস। দু’বার নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া। এরপর কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোল পায়নি রিয়াল। অবশেষে ৫৭তম মিনিটে বেলিংহামের গোলটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপে শীর্ষে রয়েছে ১৫ বারের ইউরোপ সেরারা।