ডিএমপি কমিশনার

সোশ্যাল মিডিয়ায় যেসব মিছিল দেখা যায়, বাস্তবে তেমন কিছু নয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে বটে, তবে অধিকাংশই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। অনলাইনে ঝটিকা মিছিলের ভিডিও ছড়ানো হলেও বাস্তবে তার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। তাই এসব নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাজ্জাত আলী বলেন, গত ১৭ বছরে দেশে কোনো বড় পরিসরের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। এই সময়ে পুলিশের প্রায় অর্ধেক সদস্যই নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকেরই নির্বাচনী দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা নেই। তাই পুলিশ সদস্যদের দায়িত্ববোধ ও দক্ষতা বাড়াতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

তিনি বলেন, ‘আমাদের অনেক সদস্য জানেনই না, নির্বাচনে দায়িত্ব কীভাবে পালন করতে হয়। এজন্য ডিএমপিসহ সারাদেশে আমরা ট্রেনিং দিচ্ছি। আমি সব অফিসারকে বলেছি, নির্বাচনী দায়িত্বে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’

ডিএমপি কমিশনার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম এখন চলমান। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের শেষ দিকে দেশে একটি ‘চমৎকার নির্বাচনী পরিবেশ’ তৈরি হবে।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি (আওয়ামী লীগ) এবার নির্বাচনে অংশ নিতে না পারায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। তাঁর ভাষায়, ‘একটি দল নিষিদ্ধ। তারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি, যেন কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।’

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সাজ্জাত আলী আরও বলেন, ‘এখন সবাই নির্বাচনমুখী। জনগণ ভোট দিতে চায়। এমনকি ৩৫-৪০ বছর বয়সী অনেক মানুষও জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন—এটি দেশের জন্য একই সঙ্গে আনন্দের ও দুঃখজনক বাস্তবতা।’

রাজনৈতিক কর্মসূচি নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, ‘অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন। এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তা নয়। সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করি না, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।’

নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘সব ধরনের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আমাদের আছে। নির্বাচন কমিশনও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।’