অনেকদিন পর মিরপুর শেরে বাংলায় দুর্দান্ত একটা ওপেনিং জুটি দেখা গেল। সময়ের হিসেবে ১০ বছর পর। পুরো ব্যাপারটা সোনায় সোহাগা হতো দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান সেঞ্চুরি পেলে। আশ্চর্যজনকভাবে দুজনেই ফিরলেন সেঞ্চুরির দুয়ার থেকে। এর আগে গড়েছেন ২৫.২ ওভার স্থায়ী ১৭৬ রানের ওপেনিং জুটি।
২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। এরই সঙ্গে ১৭৬ রানের ওপেনিং জুটির অবসান হয়। আউট হওয়ার আগে এই তরুণ খেলেন ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারসেরা। সাইফের বিদায়ের পর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। অন্যপ্রান্তে নার্ভাস নাইন্টিজে থাকা সৌম্য সরকার কিছুটা আত্মবিশ্বাস হারিয়েছিলেন।
শেষ পর্যন্ত আকিল হোসেনের করা ২৯তম ওভারে একটি লোপ্পা বল তুলে মারতে গিয়ে মিডউইকেটে অগাস্টের হাতে ধরা পড়েন সৌম্য। চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থামলেন ৮৬ বলে ৪ ছক্কায় ৯১ রান করে। এর আগে ৪৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য সরকার। এরপর সাইফ হাসান ফিফটি পূরণ করেন ৪৪ বলে। এটা তার ৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি।
২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর সব পজিশন মিলিয়ে সর্বশেষ শতরানের ওপেনিং জুটি এসেছিল ২০২৩ সালের ২৩ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটে। ৪৫ ম্যাচ এবং ২ বছর ৭ মাস পর শতরানের ওপেনিং জুটি পেল বাংলাদেশ।